ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের হামলায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৪৯ সেনা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি ও রয়টার্সের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, রুশপন্থী বিদ্রোহীদের বিমান বিধ্বংসী গোলার আক্রমণে একটি আইএল-৭৬ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়।

বিমানটিতে এ সময় ৪৯ জন সেনা ছিলেন বলে জানা গেছে। তবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিমানে থাকা ৪৯ সেনার সবাই নিহত হয়েছেন। বিমানটিতে করে সেনা ও সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল।

নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

লুহানস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে রুশপন্থী বিদ্রোহীরা গত সপ্তাহে হামলা শুরু করার পর এটিই সবচেয়ে বড় ধরনের হামলা।

বিমানবন্দরটি সরকারি সেনারা দখলে নিয়েছে। কিন্তু বিদ্রোহীরা প্রায়ই হামলা চালিয়ে থাকে। লুহানস্ক হচ্ছে বিদ্রোহী কবলিত অঞ্চলগুলোর মধ্যে একটি প্রধান শহর। উল্লেখ্য, গত মাসে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা গত মাসে পূর্বাঞ্চলীয় কয়েকটি অঞ্চলকে ইউক্রেন থেকে স্বাধীন ঘোষণা করে। এ লক্ষ্যে তারা একটি গণভোটের আয়োজনও করে। কিন্তু, ইউক্রেন এসব বিদ্রোহীদেরকে কঠোর হস্তে দমনের সিদ্ধান্ত নেয়। সূত্র: বিবিসি

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ