গত দুই মাসে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ২শ বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
প্রত্যক্ষদর্শী ও মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে অ্যামনেস্টি মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছেন।
গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আইএস ও অন্যান্য বিদ্রোহীগোষ্ঠীগুলির ওপর বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধেই এসব হামলা পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা।
অ্যামনেস্টি জানিয়েছে, গত দুই মাসে সিরিয়ার পাঁচটি এলাকা অর্থাৎ হোমস, হামা, ইদলিব, লাটাকিয়া ও আলেপ্পোতে হামলা চালানো রুশ বিমান হামলাগুলি তারা বিশ্লেষন করেছে। ১৬ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে টেলিফোন ও ইন্টারনেটে কথোপকথনের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক ও মানবাধিকার কর্মীও রয়েছেন।
সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় ২৫টিরও বেশি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ওইসব হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ২শ জনই বেসামরিক নাগরিক। এসব হামলা পরিচালনার সময় রাশিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন করেছে।
অ্যামনেস্টি অভিযোগ করে বলেছে, রাশিয়ার সেনাবাহিনী বেআইনিভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা ফেলেছে এবং সিরিয়ায় তারা গুচ্ছবোমার মত বিপজ্জনক ও নিষিদ্ধ বোমাও ব্যবহার করেছে।
এদিকে অ্যামনেস্টির এ প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি রুশ কর্মকর্তারা। তবে এর আগে একই ধরণের প্রতিবেদনের প্রতিক্রিয়া রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা সিরিয়ায় যে অভিযান পরিচালনা করছেন, এসব প্রতিবেদনের মাধ্যমে সেই অভিযানের ওপর কলঙ্ক লেপনের চেষ্টা করা হচ্ছে। এছাড়া এসব প্রতিবেদন পশ্চিমাদের তথ্যযুদ্ধের অংশ বলেই মনে করে দেশটির কর্মকর্তারা।
এআই





