সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যুদ্ধবিধ্বস্ত তার দেশের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে মদদ দিচ্ছে। ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীকে তিনি আল-কায়েদার বিমান বাহিনী বলেও অভিহিত করেছেন।
মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। প্রেসিডেন্ট আসাদের এ সাক্ষাৎকার আজ (সোমবার) প্রকাশিত হয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, যখনই সিরিয়ার সেনাবাহিনী কোনো এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়ী হয় তখনই এ বাহিনীকে ঠেকানোর জন্য ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা চালায়। তিনি বলেন, এ নিয়ে সিরিয়ায় একটি কৌতুক প্রচলিত আছে আর তা হলো, আল-কায়েদার বিমান বাহিনী নেই এ কথা ঠিক নয় কারণ, তাদের হাতে রয়েছে ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী।
সিরিয়ার গোলান মালভূমির কৌশলগত কুনেইত্রা শহরের কাছে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার পরই এ মন্তব্য করলেন প্রেসিডেন্ট আসাদ। এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ব্রিগেডিয়ার জেনারেল আলী আল্লাহদাদি এবং ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ছয় যোদ্ধা শহীদ হন।
এ হামলার কারণে ইহুদিবাদী ইসরাইলের জন্য স্পেশাল জবাব অপেক্ষা করছে বলে এরই মধ্যে ঘোষণা করেছেন আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি।সূত্র:আইআরআইবি
জেডআই





