আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা নিস্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক জেলা প্রধানসহ চার পুলিশ নিহত হয়েছে। ১৪ জুন দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তালেবান নির্বাচনে বিঘœ সৃষ্টি করার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার গজনী প্রদেশের ওয়াঘিজ এলাকায় মোহাম্মদ কাশিম ও তার দল রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার একটি নিস্ক্রিয় করার সময় এ বিস্ফোরণ ঘটে। প্রাদেশিক মুখপাত্র শফিক নাঙ্গ এএফপিকে বলেন, ‘তারা প্রথম বোমাটি নিষ্ক্রীয় করার পর কাছেই রাস্তার পাশে পেতে রাখা অপর বোমাটি নিস্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হলে তারা মারা যায়।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে গজনীর উপ-পুলিশ প্রধান আসাদুল্লাহ্ সাফি বলেন, এই ঘটনায় আহত এক পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত মাসে ২৪ ঘন্টার ব্যবধানে ১৬ পুলিশ নিহত হবার পর এ রক্তক্ষয়ী ঘটনাটি ঘটল। এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় নিরাপত্তা বাহিনী তাদের টহল জোরদার করেছে। কোন গোষ্ঠী বা সংগঠন বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি। তবে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিদেশী ও আফগান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জঙ্গি গোষ্ঠীটির একটি মোক্ষম অস্ত্র। সূত্র: বিএসএস [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]