সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম তার দেশের ওপর মার্কিন সামরিক হামলার আশংকা করে দ্রুত এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

লেবাননের আল-আখবার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। তার ওই সাক্ষাৎকার বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

তিনি বলেছেন, “মার্কিন কর্তৃপক্ষ বলছে তারা আইএসআইএল’র বিরুদ্ধে হামলা করছে; সিরিয়ার কোনো স্থাপনা তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে না। তারপরও তাদেরকে বিশ্বাস করা যায় না।

আমাদের নিজেদের পক্ষ থেকে প্রস্তুতি রাখার প্রয়োজন রয়েছে। যদি তারা হামলা চালায় তাহলে যাতে তা প্রতিরোধ করতে পারি আমরা। এ জন্য রাশিয়ার উচিত এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রক্রিয়া ত্বরান্বিত করা।”

মুয়াল্লেম বলেন, “অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ব্যস্ত থাকার কারণে ওবামা সিরিয়ায় হামলা চালাতে চাইবেন না বলে আমরা মনে করি। কিন্তু কংগ্রেসের মধ্যমেয়াদি নির্বাচনে রিপাবলিকানদের বিজয়ের কারণে তার ওপর হামলার চাপ আসবে এবং তখন তিনি কিভাবে সেই চাপ মোকাবেলা করেন তা নিয়ে সন্দেহ রয়েছে।

এসব কারণে সিরিয়ার সরকার যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকতে চায়। এ বিষয়টি রাশিয়ার সরকারের কাছে আমরা খোলামেলাভাবে তুলে ধরেছি এবং মস্কোকে উন্নত এ অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছি।

এর আগে ইরানকে এস-৩০০  সরবরাহ করতে অস্বীকার করে রাশিয়া।এরপর ইরান এর সমমানের ক্ষেপণাস্ত্র "ববার-৩৭৩" তৈরী করে। তাই রাশিয়া সিরিয়াকে এই ক্ষেপনাস্ত্র সরবরাহ করবে কিনা তা বলা যাচ্ছে না।

ইআর