সিরিয়ার আলেপ্পো শহরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

সোমবার এ হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই আহরার আল শাম নামে একটি বিদ্রোহীগোষ্ঠীর সদস্য।

বিদ্রোহীগোষ্ঠীটির দখলে থাকা একটি ভবনের প্রবেশমুখে থাকা চেকপোস্টে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ধারণা করা হচ্ছে ওই ভবনে আহরার আল শামের হাতে আটক কয়েকজন বন্দীও ওই হামলায় নিহত হয়েছে। তবে তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

ব্রিটেনভিত্তিক সিরিয়ার যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর সুকারি জেলায় চালানো হামলায় আহরার আল শামের ১৯ যোদ্ধা নিহত হয়েছে। নিহত অপর চারজন বেসামরিক নাগরিক। বিস্ফোরণে তিনটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়েছে। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগেও আহরার আল শামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে ইদলিবে গোষ্ঠীটির ওপর ভয়াবহ হামলায় ৫০ জন নিহত হয়েছিল। এদের মধ্যে অধিকাংশই ছিল দলের জ্যেষ্ঠ নেতা।

এমএম