আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আশরাফ গণি। সোমবার রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
নির্বাচনে জালিয়াতির অভিযোগ ও ব্যালট পুনর্গণনাকে কেন্দ্র করে প্রায় ছয় মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন গণি। বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সমঝোতার ভিত্তিতে গণির নির্বাচনী প্রতিপক্ষ আব্দুল্লাহ আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সমমর্যাদার প্রধান নির্বাহী হিসেবে শপথ নিয়েছেন।
তালেবান ওই সমঝোতাকে ‘যুক্তরাষ্ট্রের ধোঁকাবাজি’ বলে উল্লেখ করেছে। তবে গণি একে ‘বিরাট বিজয়’বলে প্রশংসা করেছেন।
গণির শপথ অনুষ্ঠানে কমপক্ষে ১০০ গণ্যমাণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি সংবিধান মেনে চলার শপথ নেন।
এর মধ্য দিয়ে ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর এই প্রথম দেশটিতে গণতান্ত্রিকভাবে ক্ষমতার রদবদল হলো।
গণি দেশে প্রথমবারের মত গণতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদলের প্রশংসা করেন এবং তার প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহর সঙ্গে উষ্ণভাবে কথাবার্তাও বলেন।
আব্দুল্লাহ বলেন, একটি সুন্দর ভবিষ্যতের জন্য তারা সততা ও নিষ্ঠার সঙ্গে একসঙ্গে কাজ করবেন।
গত জুন মাসে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে উভয় প্রার্থী নিজেদের জয়ী দাবি করেন। এতে রাজনৈতিক সংকটে পড়ে আফগানিস্তান।
পরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রবল চাপে উভয় প্রার্থী ঐকমত্যের সরকার গঠনে রাজি হন। সংকট সমাধানে ঐকমত্যের সরকারে প্রধানমন্ত্রীর সমমর্যাদার প্রধান নির্বাহীর একটি নতুন পদ সৃষ্টি করা হয়।
নতুন সরকারকে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





