আফগানিস্তানের ঘোর প্রদেশে বৃহস্পতিবার রাতে গুলি করে ১৫ জন সাধারণ মানুষকে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় তালেবান জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করছে দেশটির কর্তৃপক্ষ।

এএফপির খবরে জানানো হয়, গতকাল রাতে ঘোর প্রদেশে দুটি চলন্ত গাড়ি থামিয়ে ১৫ যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় এক যাত্রী পালিয়ে রক্ষা পান।

ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল হাই খতিবি বলেন, গাড়ি ২টি থামিয়ে যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড়ানোর নির্দেশ দেয় বন্দুকধারীরা। ওই দুই গাড়িতে ১৬ জন যাত্রী ছিলেন। বন্দুকধারীরা একে একে ১৫ জন যাত্রীর বুক ও মাথায় গুলি করে হত্যা করে। একজন কোনো রকমে ওই জায়গা থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

প্রদেশটির পুলিশপ্রধান ফাহিম কাইয়ুম বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ