অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী মেরিস পেইন বলেছেন, “রোহিঙ্গারা বর্তমানে কী পরিস্থিতিতে আছে সেটাও দেখলাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকার ভূমিকা রাখবে।”
বুধবার (০৪ সেপ্টেম্বর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিদের অস্ট্রেলিয়ার মন্ত্রী এই কথা বলেন।
মেরিস পেইন বলেন, “আমি মিয়ানমার সফর করেছি এবং মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেছি। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের নিয়ে কী কী কাজ করছে সেটা দেখার জন্য এখানে এসে রোহিঙ্গা শিবির পরিদর্শন করলাম। এছাড়া রোহিঙ্গারা বর্তমানে কী পরিস্থিতিতে আছে সেটাও দেখলাম। রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া সরকার ভূমিকা রাখবে।”
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, “দীর্ঘদিন পর হলেও অস্ট্রেলিয়ার একজন মন্ত্রী হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে এলাম। ক্যাম্পে এসেই রোহিঙ্গাদের সঙ্গে কথা বললাম এবং তাদের খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ নানা বিষয়ে জেনেছি।”
মেরিস পেইন বলেন, “আমি অস্ট্রেলিয়ায় গিয়ে কীভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যায় সে ব্যাপারে আমার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মেরিস পেইন। এসময় অস্ট্রেলিয়া সরকারের অনুদানে পরিচালিত বেশ কিছু শিশু শিক্ষা কার্যক্রম ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন গতকাল (মঙ্গলবার) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামের সঙ্গে বৈঠক করেন। তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন মেরিস। প্রথম দুই দিনই তিনি কক্সবাজার সফর করছেন।
আগামীকাল (০৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ঢাকায় সমুদ্র অর্থনীতি বিষয়ক এক সম্মেলনে যোগ দেওয়ার কথা আছে তাঁর।
এমবি





