আমেরিকার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবার কারণেই ইসরাইল আন্তর্জাতিক নিয়ম কানুনের তোয়াক্কা না করে গাজা উপত্যকায় বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক মার্ক ওয়েবার।

'ইনস্টিউট অব হিস্ট্রিক্যাল রিভিউ'-র পরিচালক মার্ক ওয়েবার ইরানভিত্তিক প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে আশঙ্কা করে বলেন, আমেরিকার আস্কারা পাওয়ার কারণেই গাজায় তেলাআবিবের নারকীয় গণহত্যা সহসা থামবে না।

মার্ক ওয়েবার অভিযোগ করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উদ্ধত্যের চরমে উঠে এমনও ঘোষণা দিয়েছেন যে, গাজায় একতরফা নারকীয় হামলার ক্ষেত্রে তিনি বিশ্বমতকে বিবেচনায় নিতে আগ্রহী নন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন অমানবিক ঘোষণার ফলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে-এমন দাবি করে ওয়েবার বলেন, এ ধরনের ঘোষণা এমনকী খোদ আমেরিকার আইনেরও পরিপন্থী। কিন্তু তারপরও আমেরিকান কংগ্রেস ও আমেরিকান সরকারের কাছ থেকে ইসরাইল তার সীমাহীন বাড়াবাড়ির ক্ষেত্রে প্রতিনিয়ত সমর্থন পেয়ে আসছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক এই আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, আমেরিকার ভেতরে ইসরাইলের শক্তিশালী লবির কারণেই আমেরিকার উস্কানিতে ইসরাইলের পক্ষে এভাবে খামখেয়ালিপনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, যা খোদ আমেরিকার আইনেরই পরিপন্থী।

মার্ক ওয়েবার বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে আমেরিকার এমন নীতিতে বিশ্ববাসীর কাছে তাদের নৈতিক দেউলিয়াপনা অত্যন্ত নগ্নভাবে প্রকাশ হয়ে পড়লো।

উল্লেখ্য গত ৮ জুলাই (২০১৪) থেকে গাজায় তেলআবিবের নারকীয় বিমান হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১০৫০জন ফিলিস্তিনি নিহত হয়েছেন (যার অধিকাংশই নারী ও শিশু) এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক হাজার।

গত ১৭ জুলাই থেকে ইসরাইলের কয়েক হাজার সৈন্য ফিলিস্তিনের এই জনবহুল গাজা উপত্যকায় স্থল থেকে হামলা শুরু করে। তবে, স্থল অভিযানের পর ইসরাইলি সৈন্যরা তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মিলিটারি উইং আল কাশেম ব্রিগেড দাবি করছে, তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্রবেগে পাল্টা আক্রমন চালাচ্ছে।

সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, হামাসের পাল্টা আক্রমনে এ পর্যন্ত ৪০ ইহুদীবাদী সেনা খতম হওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল। তবে, হামাসের দেয়া তথ্যমতে ৯০জন যায়নবাদী ইসরাইলি সেনা হামাসের হাতে নিহত হয়েছে।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি