সিরিয়ার ইদলিবে গত শনিবার রাশিয়ার পৃথক বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো ১৫০ জন।

স্বেচ্ছাসেবীদের পরিচালিত সিরিয়া সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

এ দিন মারাত আল-নুমান শহরে রুশ বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়। সিরিয়া সিভিল ডিফেন্সের ইদলিবের সমন্বয়ক বলেন, বিমান হামলার স্থানে আমাদের স্বেচ্ছাসেবীরা এখনও কাজ করছে। তারা আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করছে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

ইদলিবে আরেক হামলায় অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এক স্কুলকে লক্ষ্য করে চালানো ওই হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মারাত আল-নুমানের একটি আদালত ও একটি কারাগারে বিমান হামলা চালানো হয়। তাতে ৩৯ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

তবে ইদলিবের মিডিয়াকর্মী আনাস মারাবি জানিয়েছেন, ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে।

এমকে