জুম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তের পার্গওয়াল ও কানাচক সেক্টরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ গোলাগুলি শুরু হয়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে দাবি করা হয়েছে, দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে ওই দুই সেক্টরে সামনের দিকে থাকা ১২টি চৌকি লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষীরাও পাল্টা জবাব দিতে শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছিল। এতে উভয় দেশের সেনারা হালকা অস্ত্র ও মর্টার ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে।

এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় দুইবার গোলাগুলির ঘটনা ঘটলো ভারত-পাকিস্তান সীমান্তে। এর আগে গত রোববার (২ আগস্ট) দিনগত রাতে জুম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি) ধরে বিভিন্ন সেক্টরে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

এআর