ইহুদিদের ধর্মীয় স্থাপনাকে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ করে জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইসরাইল।
ইউনেস্কো কর্তৃক আল-আকসা মসজিদের চারপাশে ইসরাইলি নীতির কঠোর সমালোচনা করে প্রস্তাব পাসের একদিন পর দেশটি এই সিদ্ধান্ত নিলো। মুসলমানদের কাছে আল-আকসা মসজিদ হিসেবে পরিচিত ওই স্থাপনাটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে খ্যাত।
কিন্তু ইউনেস্কোর খসড়া প্রস্তাবে স্থাপনাটিকে আল-আকসা মসজিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাতটি আরব দেশের খসড়া প্রস্তাবটিতে জেরুজালেমের ওই পবিত্র স্থান নিয়ে ইসরাইলি নীতি ও পশ্চিম তীর দখলেরও সমালোচনা করা হয়।
এই প্রস্তাব পাসের পর আল-আকসা মসজিদকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ করে ইউনেস্কোর সাথে সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিলো ইসরাইল।
ইসরাইলের শিক্ষামন্ত্রী নাফতালি বেনেথ বলেন, ‘ইতিহাসকে প্রত্যাখ্যান এবং সন্ত্রাসে মদদ দেয়া’ ইউনেস্কোর খসড়া প্রস্তাবটি জেরুজালেমকে উদ্বিগ্ন করেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেসবুকে দেয়া এক পোস্টে দাবি করেন, ইউনেস্কো ‘অবাস্তবতার মঞ্চে’ পরিণত হয়েছে এবং আরেকটি ভুল সিদ্ধান্ত নিয়েছে।
এমএনজে





