উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি চুক্তি সই এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বাতিল করলে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করার প্রস্তাব দিয়েছে পিয়ংইয়ং।

শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ প্রস্তাব দিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

তিনি বলেছেন, “কোরিয়া উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধের প্রস্তাব দিচ্ছি তবে এর বিনিময়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি করতে হবে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বন্ধ করতে হবে।” উত্তর কোরিয়ার এ প্রস্তাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা আলোচনার দরজা খোলা রেখেছেন। এছাড়া, পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি এখন উত্তর কোরিয়ার ওপর নির্ভর করছে।

গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষার পর নতুন করে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা দেখা দিয়েছে।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দুই কোরিয়া যুদ্ধে লিপ্ত ছিল এবং দু দেশের মধ্যে যুদ্ধ শেষবিরতি হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে যুদ্ধ শেষ হয় নি। সে কারণে দু দেশ কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে বলে ধরে নেয়া হয়।

এমএম