ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনে নিরাপত্তা জোরদার করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন জানানো হয়েছে।
এর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিস্তারিত জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বাংলাদেশ হাই কমিশনের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে, নিরাপত্তা জোরদার করার কোনো প্রয়োজন আছে কিনা তা জানাতে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
সাংবাদিক দেবাশিষ কোনার লিখেছেন, এ মাসের শুরুর দিকে হাই কমিশনের বাইরে হট্টগোল হয়। তখন কমিশনের একজন কর্মচারী বাইরে বের হলে তিনি নির্যাতনের শিকার হন। ৬ সেপ্টেম্বর এ বিষয়ে বেনিয়াপুকুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাংলাদেশী একজন কূটনীতিক বলেছেন, তাদের অফিসের সামনে নির্যাতিত হন হাই কমিশনের ওই স্টাফ। এ কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছিল।
ওই কূটনীতিকের মতে, প্রথম দিকেই তারা বাংলাদেশের উপ হাই কমিশনের নিরাপত্তা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কারণ, উপ হাই কমিশনের আশপাশে বেশ কিছু বাড়ির নির্মাণ কাজ চলছে এবং তা উপ হাই কমিশনের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
এমনকি বাংলাদেশের নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা, যারা ওই হাই কমিশন সম্প্রতি সফর করেন।
এ সময় তারা কমিশন অফিসে নিরাপত্তায় ঘাটতি প্রত্যক্ষ করেন। এরপর কমিশনের চারদিকে নিরাপত্তা বাড়াতে বসানো হয়েছে সিসিটিভি। কিন্তু এর পাশে যে সরু লেন সেখানে চলাচল করা যানবাহন ওই সিসিটিভির পক্ষে সনাক্ত করা খুবই কঠিন।
এমবি





