মালয়েশিয়ার কিনাবালু পর্বতের কাছে সম্প্রতি ভূমিকম্পে সিঙ্গাপুরের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ও ৫ জন শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। ওই ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়ছে,আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মালয়েশিয়ায় ভূমিকম্পে সিঙ্গাপুরের তানজং কাটং প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ও এক শিক্ষকের প্রাণহানি হয়েছে। পরিবারের সদস্যরা তাদেরকে সনাক্ত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের তানজং কাটং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাসফরে মালয়েশিয়ার জনপ্রিয় কিনাবালু পর্বত এলাকায় গিয়েছিল। তাদের সঙ্গে সিঙ্গাপুরের এক ট্রাভেল এজেন্সির যে গাইড ছিল ভূমিকম্পে তিনিও প্রাণ হারিয়েছেন। শুক্রবারের ওই ভূমিকম্পে কিনাবালু পর্বতে বেশ কয়েক দফা ভূমিধস হয়।
এতে আরো বলা হয়েছে, এক শিক্ষার্থী ও এক শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষের তথ্যানুযায়ী এখনও ছয় জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে রোববার অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের কিনাবালু পর্বতের কাছে শুক্রবার ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটা গত কয়েক দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এআর





