ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে গত মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী যে হামলা চালিয়েছেন তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন দেশটির বিরোধী ডেমোক্র্যাট দল।

ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মারফি এক টুইটার পোস্টে বলেছেন, “বাগদাদে আমাদের দূতাবাসে সংঘটিত হামলা ছিল ভয়াবহ কিন্তু সেটি ছিল অনেকটা প্রত্যাশিত। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকাকে অকার্যকর শক্তিতে পরিণত করেছেন, এখন কেউ আমাদের ভয় পায় না, কেউ আমাদের কথা শোনে না। ট্রাম্পের ভুল নীতির কারণেই এই হামলা হয়েছে।”

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি অন্য এক টুইটার বার্তায় বলেছেন, অবশ্যই সহিংসতা এবং উত্তেজনার অবসান হতে হবে।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিপ বলেছেন, “উত্তেজনা কমিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই স্বচ্ছ নীতি অনুসরণ করতে হবে।”

আরও পড়ুন: ইরান যেকোনো ফ্রন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত: খামেনেয়ী

                  ইরাকে মার্কিন দূতাবাসে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা 

এছাড়া সিনেটের টিম কেইন অন্য এক টুইটার বার্তায় বলেন, “ট্রাম্পের ভুল নীতির কারণে আমরা মধ্যপ্রাচ্যে অনিরাপদ অবস্থায় পড়েছি। তাড়াহুড়ো করে যেকোনো ধরনের যুদ্ধে জড়িয়ে যাওয়া ঠেকানো উচিত কংগ্রেসের।”

গত রোববার (২৯ ডিসেম্বর) মার্কিন বাহিনী হাশ্‌দ আশ-শাবির একটি কেন্দ্রে বিমান হামলা চালায় যাতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

এই ঘটনায় ইরাকের জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে তারা হামলা চালায়।

এমবি