ইরাকে সুন্নি সম্প্রদায় ভিত্তিক ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লিভান্ট (আইএসআইএল) এর সদস্যরা কয়েকজন বাংলাদেশিসহ ৬০ বিদেশি নাগরিককে অপহরণ করেছে।
তুরস্কের বেসরকারি বার্তা সংস্থা দোগান বুধবার অপহরণের খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
কিরকুক শহরের কাছে এই অপহরণের ঘটনা ঘটেছে। ওই স্থানে একটি হাসপাতালের ভবন নির্মাণের কাজ করছিলেন অপহৃত ব্যক্তিরা।
৬০ জন বিদেশি নাগরিককে অপহরণের বিষয়টি বাগদাদে অবস্থিত তুরস্কের দূতাবাস তদন্ত করছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপহৃতদের মধ্যে ১৫ জন তুরস্কের নাগরিক। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশের নাগরিক আছে তা নিশ্চিত করে জানাতে পারেনি বার্তা সংস্থাগুলো।
অপহৃত নির্মাণ শ্রমিকদের মধ্যে পাকিস্তান, নেপাল ও তুর্কেমিনিস্তানের নাগরিকও রয়েছেন। আইএসআইএল এর হাত থেকে ছাড়া পাওয়া এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা দোগান এই খবর প্রকাশ করেছে।
তবে অপহরণের এ ঘটনা সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাগদাদে স্থাপিত তুরস্কের দূতাবাস বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





