জাতিসংঘের বিভিন্ন সংস্থার দ্বারস্থ হওয়ার ব্যাপারে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।  
দেশটির পর্যটনমন্ত্রী ইউযি ল্যান্দাউ বুধবার বলেছেন, “তারা যদি জাতিসংঘের সংস্থাগুলোতে যাওয়ার ব্যাপারে হুমকি দেয় তাহলে তাদের একটি সাধারণ বিষয় জেনে রাখা উচিত: এজন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে।” তিনি হুমকি দিয়ে বলেন, তেলআবিব আরো বেশি ফিলিস্তিনি ভূমি জবরদখল করবে এবং দেশটির অর্থনীতি ধ্বংস করে দেবে।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ জাতিসংঘের ১৫টি সংস্থায় যোগ দেয়ার জন্য এ বিশ্বসংস্থার কাছে আনুষ্ঠানিক আবেদন জানানোর সিদ্ধান্ত নেয়ার পর ইসরাইলি মন্ত্রী এ হুমকি দিলেন। জাতিসংঘের কাছ থেকে আরো বেশি স্বীকৃতি আদায়ের লক্ষ্যে জানানো এ সংক্রান্ত আবেদনপত্রে সই করেছেন স্বশাসন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ আব্বাস।
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে নিজ সদর দফতরে এক বৈঠকের পর মঙ্গলবার ওই আবেদনপত্রে সই করেন আব্বাস। তিনি বলেন, চতুর্থ জেনেভা কনভেনশন থেকে শুরু করে জাতিসংঘের ১৫টি সংস্থা ও কনভেনশনের সদস্যপদ লাভের আবেদন জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি নেতৃত্ব। এ আবেদন অচিরেই সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হবে বলে তিনি জানান। সূত্র: ওয়েবসাইট।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) //  টিআই[/b]