সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফার্নিচার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশীসহ ১২ জন নিহত হয়েছেন। নিহত অন্য দু'জন ভারতের নাগরিক।
সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রিয়াদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শিফা সানাইয়া এলাকায় বাংলাদেশী নাগরিকের মালিকানাধীন একটি ফার্নিচার ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হিলা নামে ওই সোফা ফ্যাক্টরিতে মোট ১৫ জন শ্রমিক থাকতেন। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও দুইজন ভারতীয় শ্রমিক।
নিহত বাংলাদেশী ১০ জনের মধ্যে নয়জনের নাম জানা গেছে। এরা হলেন- মো. জালাল (৩৫), আ. গাফ্ফার (৩২), মো. সেলিম (৩৫),  বাহাউদ্দিন (৩১), নাজির হোসেন (৩৫), মতিউর রহমান (৩২)  ও শাহ আলম (৩৫)। এদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। এ ছাড়া নিহত জাকিরের (৫৫) বাড়ি ফেনী ও আফতাবের (৪৫) বাড়ি মাদারীপুর জেলায়।
অপরদিকে, ভারতীয় দু'জন হলেন- ইসরার (২৫) ও ওয়াসিম (৩৫)।
এদিকে, যারা জীবিত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হয়েছেন, তারা হলেন- কুমিল্লা হোমনার মতিউর (৩৫), মানিকগঞ্জের হান্নান মোল্লা (৩৪), কুমিল্লা তিতাসের দুলাল (২৭) ও রাজি উদ্দিন।
প্রথমে প্রত্যক্ষদর্শীরা আটজন বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করলেও বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মিজানুর রহমান কিছুই জানেন না বলে জানান।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]