ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
শনিবার সকালে ঝাবুয়া জেলার পেতলাওয়ার শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানটি প্রাদেশিক রাজধানী ভূপাল থেকে ৩শ’ কিলোমিটার দূরে অবস্থিত।
হাইওয়েতে বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত একটি তিনতলা রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল ভবনের রেস্টুরেন্টে মজুদ করে রাখা গ্যাস বিস্ফোরিত হলে ভবনটি ধসে পড়ে। বিস্ফোরণে আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
ঝাবুয়া পুলিশের পরিদর্শক এমএল গোঁদ বলেন,এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ৮২ লাশের ময়নাতদন্ত করা হয়েছে। বাকি ২২টির ময়নাতদন্ত চলছে।
তিনি বলেন, ‘আমার কাছে আসা তথ্যমতে, এ ঘটনায় ৬০ জন আহত হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।’
তবে ঝাবুয়া জেলার প্রধান মেডিকেল অফিসার অরুণ কুমার শর্মা জানিয়েছেন, স্থানীয় হাসপাতালে প্রায় ১০০ জনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের সময় মূল ভবনের রেস্টুরেন্টে ৬০ জন ও অন্যান্য অ্যাপার্টমেন্টে ১০০ জন উপস্থিত ছিল।
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০,০০০ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্র: এএফপি, টাইমস অব ইন্ডিয়া
এআর





