সুবিচার নিশ্চিতের দায়িত্ব যাদের হাতে, তারা-ই জন্ম দিলেন এমন ঘটনা, যাকে ন্যক্কারজনক ছাড়া কি-ই-বা বলা যায়। নারী সহকর্মীর শ্লীলতাহানির দায়ে এক সঙ্গে ২০ জুনিয়র জজ চাকরি থেকে বরখাস্ত হলেন। ভারতের এলাহাবাদ হাইকোর্ট তাদের বরখাস্ত করেন।

লক্ষ্মৌ একটি জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে ওই ২০ জুনিয়র জজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন তাদেরই এক নারী সহকর্মী। পরে নিগৃহীতা ওই নারীর পক্ষ থেকে অভিযোগ উত্থাপন করা হয় এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে।

অভিযোগ খতিয়ে দেখতে বিচারপতি চন্দ্রচূড়ের নির্দেশে গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটির তদন্তে ওই ২০ জুনিয়র জজের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে।

সোমবার তদন্ত প্রতিবেদন বিচার-বিশ্লেষণ করে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি জুনিয়র জজদের বরখাস্ত করেন।

উল্লেখ্য, ৭৬ জন জুনিয়ার জজ এক সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছিলেন। এর মধ্যে ছিলেন ২৬ জন নারী। এর মধ্যে একজনের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ আসে এবং তা প্রমাণিত হয়।

তথ্যসূত্র : ইন্ডিয়া টাইমস।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ