হংকংয়ের প্রধান নির্বাহী লিউং চুন-ইং মঙ্গলবার বিক্ষোভে নেতৃত্ব দেয়া নেতাদের প্রতি রাজপথ থেকে অনুসারিদের দ্রুত প্রত্যাহার করে নেয়ার আহবান জানিয়েছেন। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের পর এ প্রথম তিনি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন।
লিউং বলেন, ‘আন্দোলন নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে থাকলে তারা এটি বন্ধের আহবান জানাবেন এমন কথা অকুপাই সেন্ট্রালের প্রতিষ্ঠাতারা বারবার বলেছিলেন। দেশবাসীর কাছে করা অঙ্গীকার পূরণে এবং দ্রুত এই অন্দোলন বন্ধে আমি এখন তাদের প্রতি আহবান জানাচ্ছি।’
উল্লেখ্য, রাজপথে গত দু’দিনের আন্দোলনের পেছনের প্রধান শক্তি হচ্ছে অকুপাই সেন্ট্রাল।
তবে অকুপাই ছাড়াও অন্যান্য ছাত্র-ছাত্রীদের একটি গ্রুপও হংকংয়ে প্রকৃত গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।
এদিকে অকুপাই সেন্ট্রাল লিউংয়ের আহবান প্রত্যখান করে আবারো তাকে পদত্যাগের আহবান জানিয়েছে।
লিউংয়ের এমন মন্তব্যের পর অকুপাইয়ের কো-ফাউন্ডার চ্যান কিন-ম্যান সাংবাদিকদের বলেন, ‘লিউং পদত্যাগের ঘোষণা দিলে আন্দোলন সাময়িকভাবে হলেও বন্ধ ঘোষণা করা হবে এবং আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব।’
তিনি বলেন, "এক্ষেত্রে এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কারণ, অন্ততপক্ষে আমরা বুঝবো সরকারের আচরণগত পরিবর্তন হয়েছে এবং তারা সংকটের সমাধান চায়।" সূত্র: বিবিসি
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





