পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে গুলি করার পর তিনি আহত হয়েছেন। তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত বলে বর্ণনা করা হচ্ছে।

ইসলামাবাদ থেকে বিবিসির সেকান্দার কেরমানি জানাচ্ছেন, লাহোর থেকে প্রায় ৭০ মাইল দূরবর্তী একটি শহর নরোওয়ালে একটি সমাবেশ থেকে যাওয়ার সময় তাঁকে গুলি করা হয়।

তাঁকে সাথে সাথে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। তবে স্থানীয় একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তাঁর ছেলে জানিয়েছেন, আহসান ইকবালের অবস্থা আশংকাজনক নয়।

হামলাকারীকে ঘটনাস্থল থেকেই ধরা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই ঘটনার নিন্দা করেছেন।

পাকিস্তানে যখন জুলাই বা আগষ্ট মাসে নির্বাচন হওয়ার হওয়ার কথা তার আগে এই ঘটনা ঘটলো। 

স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল পাকিস্তানের কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বেশ কঠোর কথাবার্তা বলে আলোচিত হন।

বিশেষ করে সম্প্রতি যে কট্টরপন্থী ইসলামী দলগুলো রাজধানী ইসলামাবাদে অবস্থান নিয়েছিল, তিনি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন।  তবে তার ওপর হামলার সঙ্গে এসবের কোন সম্পর্ক আছে কীনা তা এখনো স্পষ্ট নয়।  

এমবি