গাজায় ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। দখলদার ইহুদীবাদী সেনাদের হামলায় সবশেষ আরও ১৫ বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই নিয়ে গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬,৫০০ বেসামরিক নাগরিক। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় হামলা অব্যাহত থাকবে-ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর এমন ঘোষণার পর আজ (মঙ্গলবার) ইহুদীবাদী দখলদাররা গাজায় নতুন করে হামলা শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে, খবর প্রেসটিভি।

গাজার স্থানীয় সূত্রে পাওয়া সবশেষ খবর অনুযায়ী, ইসরাইলি বিমান বাহিনী মঙ্গলবার ভোররাতে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়ার বাসায় মিসাইল হামলা চালিয়েছে। এতে বাসভবনের ব্যাপক ক্ষতি হলেও কোন প্রাণহানী হয়নি বলে জানা গেছে।

হামাসের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, তাদের মুখপাত্র আল-আকসা টেলিভিশন চ্যানেল এবং আল-আকসা রেডিওকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তবে আল-আকসা টেলিভিশন এখনও সম্প্রচার কার্যক্রম চালাতে সক্ষম হলেও রেডিওর কার্যক্রম সম্ভব হচ্ছে না।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে এক টেলিভিশন বিবৃতিতে বলেন, হামলার পক্ষে জনমত তৈরিতে ইসরাইলকে দীর্ঘমেয়াদী ক্যাম্পেইনের প্রস্তুতি নিতে হবে।

এর আগে গত সোমবার গাজার অদূরে সাথী উদ্বাস্তু শিবিরে হামলা তালিয়ে অন্তত ১০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি দখলদাররা। নিহতের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলি সন্ত্রাসীরা গাজা সিটির অন্যতম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামাসের মুখপাত্র সামী আবু জুহরি সাথী উদ্বাস্তু ক্যাম্পে ইসরাইলের এই হামলাকে বর্বর হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহযোগিতা অফিসের (The UN Office for the Coordination of Humanitarian Affairs) পক্ষ থেকে প্রকাশিত সবশেষ (২৭ জুলাই ২০১৪) প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরাইলী আগ্রাসনে এ পর্যন্ত ২২৬ শিশু নিহত হয়েছে। এছাড়া অন্তত ১৯৪৯ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি