ভারতের অন্ধ্রপ্রদেশে একটি পটকা কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া কারখানার মালিকসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার কাকিনাডা এলাকার ভাকিটিপ্পা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাটি উপকূলীয় শহর ভিসাকাপত্তন থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত। বিস্ফোরণের সময় কারখানাটিতে ৩০ জনের মতো লোক কাজ করছিল। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানান, তারা ভেতরে কাজ করার সময় হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা অনেক দূরে ছিটকে পড়ে যান বলে জানান তিনি।

কারখানাটির নিরাপত্তা ব্যবস্থায় কোনো অবহেলা ছিল কিনা- তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে সরকার।

গত ১০ বছর ধরে কারখানাটি বৈধ লাইসেন্স নিয়ে কাজ করে আসছে। প্রতিবছর উৎসবের সময় কারখানাটি চালু থাকে। তবে অপর এক খবরে বলা হয়েছে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র : এনডিটিভি/ইন্ডিয়া টুডে।

 

ইআর