অন্য অনেক ধর্ষিতার মতো নিজের জীবন বিসর্জন দেননি ‘প্রিয়া’, বরং দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে তিনি নারীর যৌন হয়রানির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন, ধর্ষণের শিকার হয়ে যাকে গঞ্জনা সইতে হয়েছে নিজের পরিবারেও।
একের পর এক ধর্ষণের ঘটনায় খবরের শিরোনাম হওয়া ভারতে কমিক বইয়ের নতুন ‘সুপার হিরো’ এই ‘প্রিয়া’। যৌন হয়রানির বিরুদ্ধে এই লড়াইয়ে তিনি সঙ্গে পেয়েছেন ভারতীয় পুরানের সবচেয়ে শক্তিশালী জুটি শিব আর পার্বতীকে।
এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসাবে পরিচিত মুম্বাইয়ের ধারাবি এলাকার দেওয়ালে দেওয়ালে এখন বাঘের ওপর সওয়ারী প্রিয়ার ছবি। কমিক বই থেকে স্মার্ট ফোন- সব মাধ্যমেই ছড়িয়ে পড়ছে ‘প্রিয়ার শক্তি’।
‘প্রিয়ার’ নির্মাতা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্রকার রাম দেবীনেনি এ উদ্যোগকে ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে একটি সামজিক আন্দোলনের রূপ দিতে চান। রাস্তায় রাস্তায় প্রিয়ার ছবি ছড়িয়ে দিতে তিনি মুম্বাইয়ের চিত্রশিল্পী এবং সিনেমার পোস্টার আঁকিয়েদের সহায়তা নিচ্ছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে বাসে ধর্ষণের শিকার হয়ে এক প্যারামেডিকেল ছাত্রীর মৃত্যুতে পুরো ভারত যখন ক্ষোভে ফুঁসছে, রাম দেবীনেনি তখন নয়া দিল্লিতে। “দিল্লির রাস্তায় যখন বিক্ষোভ চলছিল, আমিও তখন সেখানে ছিলাম। সে সময় এক পুলিশ কর্মকর্তার কথা আমাকে বিস্মিত করে। তার বক্তব্য ছিল- কোনো ভালো মেয়ে রাতে রাস্তায় বেরোয় না!”
পুলিশের ওই বক্তব্যে রাম দেবীনেনির উপলব্ধি হয়, ধর্ষণ আর যৌন হয়রানি ভারতের একটি সাংস্কৃতিক ইস্যু, যার মূলে রয়েছে পুরুষতান্ত্রিকতা, নারীর প্রতি অবজ্ঞা ও মানুষের ভুল ধারণা। এ কারণে ধর্ষককে নয়, উল্টো ধর্ষিতাকেই ‘সামাজিক বয়কট’সহ নানা বিড়ম্বানার শিকার হতে হয়।
তার তৈরি কমিক ‘প্রিয়ার শক্তি’তেও ভারতীয় সমাজের এই কঠিন বাস্তবতা উঠে এসেছে, যেখানে ধর্ষিত হওয়ার পর প্রিয়ার পাশে না দাঁড়িয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার পরিবার।
কমিক গল্পে দেবী পার্বতী ও দেবতা শিবের সহায়তায় সেই দুর্ভাগ্যকে অতিক্রম করেন প্রিয়া। বাঘের পিঠে চড়ে ফিরে আসেন নিজের শহরে; তার দুর্ভোগের জন্য যারা দায়ী তাদের শায়েস্তা করতে সক্ষম হন।
ভারতের ৮০ শতাংশ মানুষ হিন্দু হওয়ায় হিন্দু পুরাণকেই কমিক গল্পের ভিত্তি হিসাবে বেছে নিয়েছেন বলে জানান দেবীনেনি।
দিল্লিতে ২০১২ সালের ঘটনার পর সরকার ধর্ষণবিরোধী আইন সংশোধন করার পাশাপাশি ওই ঘটনায় জড়িত চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তারপরও প্রায়ই নতুন নতুন ঘটনা সংবাদের শিরোনামে আসছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ‘বিশ্বভারতীর’ মতো শিক্ষায়তনেও সম্প্রতি ধর্ষণের শিকার হয়েছেন বাংলাদেশি এক শিক্ষার্থী।
জেআই





