ইসরাইলের নিয়োগ দেয়া রাষ্ট্রদূতকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

দেশটির সরকার বলছে, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া দানি দাইয়ান অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি নির্মাণকারীদের নেতা ছিলেন। 

ইসরাইল চার মাস আগে দানিকে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় কিন্তু ব্রাসিলিয়া তাকে গ্রহণ করতে অস্বীকার করে আসছে।

আর এ ঘটনায় তেল আবিব ক্ষুব্ধ হয়েছে এবং ব্রাজিলের সঙ্গে সম্পর্ক নীচু পর্যায়ে নামিয়ে আনার হুমকি দিয়েছে। একইসঙ্গে তেল আবিব বলছে, দানিকে রাষ্ট্রদূত হিসেবে মেনে নিতে ব্রাজিল সরকারকে চাপ দেয়া অব্যাহত রাখবে তারা।

ইসরাইলের উপ পররাষ্ট্রমন্ত্রী জিপি হোতোভ্‌লে বলেছেন, দানিকে রাষ্ট্রদূত হিসেবে মেনে নিতে বাধ্য করানোর জন্য তারা সব ধরনের প্রচেষ্টা চালাবেন এবং দানিই থাকবেন তেল আবিবের একক মনোনীত রাষ্ট্রদূত।

রোববার (২৭ ডিসেম্বর ২০১৫) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক সভায় দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, দানি দাইয়ানকে রাষ্ট্রদূত হিসেবে মেনে নিতে ব্রাজিলকে বাধ্য করতে সম্ভাব্য সব ধরনের পন্থা অবলম্বন করবে ইসরাইল।

জিপি হোতোভ্‌লে বলেন, একজন রাষ্ট্রদূতকে শুধুমাত্র আদর্শগত কারণে প্রত্যাখ্যান করার এমন নজির যাতে সৃষ্টি হতে না পারে সেজন্য আমরা পরিস্কার ভাষায় ব্রাজিলকে কুটনৈতিক বার্তা পাঠাবো।

শেষ পর্যন্ত ব্রাজিল যদি দানিকে মেনে না নেয় তাহলে ব্রাসিলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মধ্যম পর্যায়ে নামিয়ে আনা হবে বলেও হুমকি দেন ইসরাইলি উপপররাষ্ট্র মন্ত্রী।

কেবি