মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসস্থান ও দফতর হোয়াইট হাউজের কম্পিউটার নেটওয়ার্কে সন্দেহজনক সাইবার হামলা চালানো হয়েছে।
প্রেসিডেন্ট ওবামার নির্বাহী কর্মকর্তার দফতর বা ইওপি’র কর্মীদের ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্কে এই হামলা হয়েছে। আক্রান্ত নেটওয়ার্কটি গোপনীয় নয় বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের এক কর্মকর্তা ।
এ জাতীয় সন্দেহজনক যেকোনো সাইবার হামলাকে হোয়াইট হাউজ গুরুত্বের সঙ্গে নেয় বলে উল্লেখ করেন তিনি।
এ কর্মকর্তা আরো জানান, ইওপি’র নেটওয়ার্কে ঢোকার বিষয়টি সীমিত করার কারিগরি পদক্ষেপ নেয়া হয়েছে। এ ছাড়া তিনি স্বীকার করেন, সন্দেহজনক সাইবার হামলার ফলে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে তা এখনো পুরোপুরি দূর করা যায় নি।
সন্দেহজনক সাইবার হামলায় কারা জড়িত সে বিষয়ে কোনো মন্তব্য করেন নি এ কর্মকর্তা। কিন্তু মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, রুশ সরকারের সঙ্গে জড়িত হ্যাকাররা সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ নেটওয়ার্কে সাইবার হামলা করেছে।
এদিকে, সাইবার হামলার মাধ্যমে হোয়াইট হাউজের গোপন তথ্য হাতিয়ে নেয়ার কোনো আলামত এখনো পাওযা যায় নি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মার্কিন প্রশাসনের সঙ্গে জড়িত অন্য এক কর্মকর্তা। রেডিও তেহরান
ইআর





