একজন মুসলিম রোজাদারকে জোর করে খাওয়ানোর অভিযোগ উঠেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিব সেনার এক পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে। বুধবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

রাজধানী নয়া দিল্লিতে খাবার পরিবেশনের সময় মুসলিম পরিদর্শক রোজাদার আরশাদ জুবাইরকে 'রতি' নামক এক ধরনের খাবার জোর করে খাইয়ে দেন শিব সেনার ওই নেতা। তিনি রোজা রেখেছেন এটি জানার পর তিনি জুবাইরের মুখে জোর করে খাবার ঠেলে দেন। গত বৃহস্পতিবারের ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়েছে। এর ভিডিও ফুটেজও রয়েছে।

মহারাষ্ট্রকেন্দ্রিক শিব সেনার অভিযুক্ত ওই পার্লামেন্ট সদস্যের নাম রাজন ভিছারে। তিনি মহারাষ্ট্র রাজ্যের একজন পার্লামেন্ট সদস্য।

নয়া দিল্লিতে অবস্থিত 'মহারাষ্ট্র সদনে' এ ঘটনা ঘটে। উল্লেখ্য, রাজধানী নয়া দিল্লিতে প্রত্যেক রাজ্যের জন্যে একটি করে আবাসিক ভবন রয়েছে। এসব আবাসিক ভবনে রাজ্য থেকে আগত পার্লামেন্ট সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন।

শিব সেনা নেতার এই আচরণে ব্যাপক তোলপাড় হচ্ছে। বিরোধী দল শিব সেনার কাছ থেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের অন্যতম শরীক দল এই শিব সেনা।

তবে, শিব সেনা এই ঘটনাকে 'ভিত্তিহীন' বলে উল্লেখ করেছে, যদিও এর ভিডিও ফুটেজ রয়েছে।

শিব সেনার প্রধান উধাব ঠ্যাকারে এক বিবৃতিতে জানিয়েছেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কোন উদ্দেশ্য তাদের নেই।

ঘটনার ব্যাপারে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাজমা হেপতুল্লাহ কোন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, পার্লামেন্টে বিরোধী দল কংগ্রেসের সদস্য মিলিন্দ দেওরা শিব সেনা নেতার এই আচরণকে অত্যন্ত নীচ ও জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছেন।

এদিকে, মহারাষ্ট্র সদনে প্রয়োজনের তুলনায় কম ও নিম্নমানের খাবার এবং সদনের রুম অনেক ছোট হওয়ার প্রতিবাদ জানিয়েছে শিব সেনা। অন্যান্য রাজ্যের পার্লামেন্ট সদস্যের জন্য নির্মিত আবাসিক ভবন থেকে তাদের ভবনের রুমগুলো অনেক ছোট বলে অভিযোগ করেছে শিব সেনা। উত্তর প্রদেশের জন্য নির্মিত রুমগুলো ভিআইপি পর্যায়ের বলেও অভিযোগ করেছে দলটি। সূত্র: এনডিটিভি

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ