পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে বৈঠক করবেন। রাশিয়ার উফা নগরীতে আগামী ৯ ও ১০ জুলাই এ শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলে ভারতীয় বেসরকারি চ্যানেল এনডিটিভি জানিয়েছে।
এ খবরে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে নওয়াজকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। আর এর মধ্য দিয়ে দু’দেশের সম্পর্কে গতি এসেছে। অবশ্য কয়েকটি সূত্র বলেছে, এর মাধ্যমে সংলাপ শুরুর কোনো আভাস এখনো পাওয়া যায় নি।
আনুষ্ঠানিকভাবে এখনো এ বৈঠকের বিষয়টি স্বীকার করা হয় নি। সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরতে পারেন মোদি। এ ছাড়া, চলতি মাসের গোড়ার দিকে জাকিউর রহমান লাখবিকে মুক্তি দেয়ার বিষয়েও কথা বলতে পারেন তিনি।
এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের বিষয়ে গত সপ্তাহে আভাস দেয় ইসলামাবাদ। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র কাজী খলিলুল্লাহ বলেন, বৈঠকের বিষয়ে কোনো পক্ষই অন্য পক্ষের সঙ্গে যোগাযোগ করে নি। কিন্তু এ ধরনের শীর্ষ সম্মেলনের অবকাশে সরকার প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক একটি স্বাভাবিক বিষয়।
গত নভেম্বরে কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মলনে নওয়াজ ও মোদি পরস্পরের সঙ্গে করমর্দন করলেও আনুষ্ঠানিক আলোচনা করেন নি।
ইআর





