ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকার একটি পার্লামেন্টারি কমিটি। একই সাথে দেশটির বিরুদ্ধে ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে যুদ্ধাপরাধের অভিযোগও এনেছে এই কমিটি। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
দক্ষিণ আফ্রিকার 'পার্লামেন্টারি পোর্টফোলিও কমিটি' গত সপ্তাহে একটি কনফারেন্সের মাধ্যমে এসব প্রস্তাব উত্থাপন করে। গত বৃহস্পতিবার 'সলিডারিটি কনফারেন্স ইন সাপোর্ট অব দ্যা পিপলস অব প্যালেস্টাই, ওয়েস্টার্ন সাহারা এন্ড কিউবা' নামের এই পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হয়। পার্লামেন্টারি এই কমিটির অন্যতম সদস্য হলেন নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ কাতরাদা।
দক্ষিণ আফ্রিকার এই পার্লামেন্টারি কমিটি ইসরাইলের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। হিউম্যান সায়েন্সেস রিসার্চ কাউন্সিল (এইচএসআরসি) নামের একটি আন্তর্জাতিক সংগঠন ২০০৯ সালে এক প্রতিবেদনে প্রকাশ করে যে, ইসরাইল বর্ণবাদী আচরণে জড়িত।
এ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন- ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়নকে আহ্বান জানানো হবে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে।
তাছাড়া অন্যান্য ধারার মধ্যে রয়েছে ইসরাইলের যুদ্ধাপরাধের বিচার করতে বিশেষ আদালত স্থাপন। পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনের সঙ্গে জড়িত ইসরাইলি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে প্রত্যাখ্যান করার জন্য দক্ষিণ আফ্রিকার নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
১৯৮০'র দশকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনে ভারত ও কিউবা যেভাবে সহায়তা করেছে, এখন ঠিক তেমনি ইসরাইলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে লড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। পার্লামেন্টারি কমিটি এমনই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]