চলমান সরকার-বিরোধী আন্দোলনে অংশ নেয়া লোকজনের ওপর পুলিশের বর্বরতা বন্ধে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’র চেয়ারম্যান ইমরান খান।

রাজধানী ইসলামাবাদের অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া লোকজনের উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেয়ার দায়িত্ব রয়েছে সর্বোচ্চ আদালতের। তিনি বলেন, পুলিশের সীমাহীন বর্বরতা শেষ না হলে এখন তার সমর্থরাও লড়াই করতে ময়দানে নামবে; তারা প্রস্তুত।


ইমরান খান জানান, আগামী শুক্রবার রাজধানী ইসলামাবাদের অবস্থান কর্মসূচিকে জনসমুদ্রে পরিণত করা হবে। কন্টেইনার দিয়ে যে বাধা সৃষ্টি করা হয়েছে তাও সরিয়ে ফেলা হবে বলে সতর্ক করেন পিটিআই নেতা।

ইমরান খান গত নির্বাচনে কারচুপির ইস্যুতে সাবেক বিচারপতি ইফতেখার মুহাম্মাদ চৌধুরীকে জড়িয়ে নানা অভিযোগ করেছেন কিন্তু বর্তমান প্রধান বিচারপতি নাসির-উল মুলকের ওপর তিনি আস্থা প্রকাশ করেছেন।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই