নিজ দেশের নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, যারা এখন রাশিয়ায় আছেন তারা দ্রুত দেশটি ত্যাগ করুন। এ ছাড়া নাগরিকদের রাশিয়া ভ্রমণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি ড্যানিলোভ জানিয়েছেন, দোনেৎস্ক ও লুহানস্ক ব্যতীত দেশটির সব অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হবে। ওই দুটি অঞ্চলে ইউক্রেনের বাহিনী ইতোমধ্যে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। তবে এই উদ্যোগ অবশ্যই ইউক্রেনের সংসদে অনুমোদিত হতে হবে।

এর আগে সম্প্রতি ইউক্রেনের স্বঘোষিত দোনেৎস্ক এবং লুহানস্ককে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই ঘোষণার পর রাশিয়ান পার্লামেন্ট সদস্যসহ ৩৫১ রাশিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনের পার্লামেন্ট।

সূত্র : দ্য গার্ডিয়ান