জম্মুতে সেনাক্যাম্পে কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পরস্পরকে দোষারোপ করছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন হুশিয়ারি দিয়ে বলেছেন, জম্মুর সেনাক্যাম্পে হামলার জন্য পাকিস্তানকে খেসারত দিতে হবে।
হামলায় পাঁচ ভারতীয় সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নারী ও শিশুসহ ১০ জন আহত হন।-খবর এনডিটিভি অনলাইন। ৩৬ ঘণ্টা গোলাগুলির পর তিন হামলাকারী নিহত হয়েছেন।
নির্মলা সীতারামন বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করছি না। কিন্তু তাদের এ অপরিণামদর্শী আচরণের জন্য অবশ্যই খেসারত দিতে হবে। জম্মুতে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতের অভিযোগ, হামলাকারীরা পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জয়শ-ই-মুহম্মদের সদস্য। পাকিস্তান কাশ্মীরের হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয় বলে ভারতের দীর্ঘদিনের অভিযোগ।
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ হামলা চালিয়েছে জয়শ-ই-মুহাম্মদের সদস্যরা এবং তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে পাকিস্তান থেকে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীন বিবৃতি এবং ভিত্তিহীন অভিযোগ দায়েরের কথা এখন সবাই জানে। সেখানে কিছু হলে কোনো ধরনের তদন্ত ছাড়াই তারা বিবৃতি দিয়ে বসে।
অস্ত্রের মাধ্যমে ভারত বর্বরোচিতভাবে কাশ্মীর দখলের চেষ্টা করছে এবং তাদের ওই কাণ্ড থেকে বিশ্ববাসীর মনোযোগ সরাতেই তারা এ ধরনের অভিযোগ করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, আশা করি আন্তর্জাতিক বিশ্ব ভারত সরকারকে তাদের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে অবর্ণনীয় নিষ্ঠুরতা ও বাড়তে থাকা নৃশংসতা বন্ধের আহ্বান জানাবে। নিয়ন্ত্রণরেখায় তারা যদি কোনো ধরনের দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তবে তাদের প্রতিহত করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মলা সীতারামন বলেন, অবশ্যই পাকিস্তানকে হামলার তথ্যপ্রমাণ দেয়া হবে।
কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়ে হাজারো কাগজপত্র আমাদের সরবরাহ করবে। মুম্বাই হামলার অনেক অপরাধীর তথ্য আমরা পাকিস্তানকে দিয়েছিলাম।কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তারা এখন আনন্দের সঙ্গে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে।
এমআর





