প্রায় ৮শ’ কিলোমিটার দূরের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন এক ধরণের দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। এর মাধ্যমে প্রতিবেশী উত্তর কোরিয়ার যেকোনো স্থানে আঘাত হানা সম্ভব বলে বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়।


উত্তর কোরিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র জাপান সাগরে আঘাত হানার একদিন পর দক্ষিণ কোরিয়া পাল্টা এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে ক্ষমতার জানান দিতেই উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এ দুই প্রেসিডেন্টের মধ্যে আলোচ্যসূচির প্রধান বিষয় হচ্ছে পিয়ংইয়ংয়ের জোরদার করা পারমাণবিক কর্মসূচি।

দক্ষিণ কোরিয়া আমেরিকার নিরাপত্তা বলয়ের মধ্যেই আছে এবং তাদের দেশে হাজার হাজার মার্কিন সেনা রয়েছে। ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপের খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র ৮শ’ কিলোমিটার দূরের অবস্থানে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়াকে মোকাবেলায় এটিকে কাজে লাগানো যেতে পারে।

ওই কর্মকর্তার বরাত দিয়ে আরো বলা হয়, ‘এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।’ তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এএফপি।
জেড