হামাসকে নিরস্ত্র না করে বরং ইসরাইলকেই নিরস্ত্র করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। হামাসকে নিরস্ত্র করা হলে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে বলেও জানিয়েছে এ সংগঠনটি। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

হামাস আরও জানিয়েছে, ইসরাইলকে নিরস্ত্র করাটাই বরং জরুরী। কারণ ইসরাইল নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুদেরকে হত্যা করছে। সংগঠনটি একইসঙ্গে ইসরাইলকে মারণাস্ত্র সরবরাহ বন্ধের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার এসব কথা বলেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি। এক বিবৃতিতে তিনি বলেন, "হামাসকে নিরস্ত্র করা হলে তা এই সংগঠনকে মূল্যহীন করে তুলবে।"

এদিকে, গাজা ও ইসরাইলের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের মধ্যস্থতায় প্রচেষ্টা চলছে। গত ৮ জুলাই থেকে শুরু টানা ৫১ দিনের ইসরাইলি আগ্রাসন অবশেষে বন্ধ হয় এক অস্থায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে।

চুক্তির মাধ্যমে গাজার সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে সম্মত হয় ইসরাইল। আর এর মাধ্যমে টানা ৭ বছরের অবরোধের অবসান ঘটে গাজায়।

এদিকে, ফিলিস্তিন ও ইসরাইলি মধ্যস্থতাকারীরা একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের দাবিগুলো নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করবে শীঘ্রই। ফিলিস্তিনের এসব দাবির মধ্যে রয়েছে আটক ফিলিস্তিনিদের মুক্তিদান, গাজার সমুদ্রসীমায় একটি সমুদ্রবন্দর নির্মাণ ইত্যাদি। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ