মরক্কোয় সড়ক দুর্ঘটনায় ১৪ শিশু এ্যাথলেটসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ আজাজ জানান, মাছবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর বাসটি একটি গিরিখাতে পড়ে যায় এবং আগুন ধরে যায়। বাসটিতে ১০ থেকে ১৪ বছর বয়সী একদল ছেলে ও মেয়ে এ্যাথলেট ছিল। তারা বোজনিকা নামক স্থানে স্কুল এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শেষে বাড়ি ফিরছিল।
নিহতদের মধ্যে দেশটির নামকরা এক এ্যাথলেটও রয়েছেন। ৪৩ বছর বয়সী ওই এ্যাথলেটের নাম হাসান ইসেঙ্গার। তিনিও ওই বাসে ছিলেন বলে মনে করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টায় পশ্চিমাঞ্চলীয় মরুভূমির শহর তান-তানের কাছে চবিকা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের তান-তান শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনার দিক থেকে মরক্কো বিশ্বের অন্যতম একটি দেশ। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রায় চার হাজার লোক মারা যায়। ২০১২ সালে দেশটিতে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪২ জন লোক মারা যায়। সূত্র : ডেইলি মিরর।
জেআই





