সিরিয়ায় রাজনৈতিক সংকটের সমাধানে বিদেশী জোট স্থল অভিযান শুরু করলে এর পরিণতি হতে পারে আরেকটি বিশ্বযুদ্ধ। পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে একথা বলেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
বৃহস্পতিবার জার্মান সংবাদপত্র হ্যান্ডেলসব্লাটে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেদভেদেভ জানান, ‘স্থল অভিযান শুরু হলে তা প্রতিটি পক্ষকেই যুদ্ধে টেনে আনবে।’
সিরিয়ায় স্থল অভিযানে সেনা পাঠানোর বিষয়ে সৌদি আরবের সাম্প্রতিক প্রস্তাবের বিষয়ে জিজ্ঞেস করা হলে মেদভেদেভ জানান, ‘মার্কিনিরা এবং আমাদের আরব বন্ধুদের অবশ্যই মাথায় রাখতে হবে যে তারা আজীবনের জন্য কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে চায় কিনা।’
আলজাজিরা জানিয়েছে, মেদভেদেভের এই স্পষ্ট সাবধানবাণী মূলত যুক্তরাষ্ট্র এবং এর আঞ্চলিক মিত্র দেশগুলোকে উদ্দেশ্য করে, যার মধ্যে বাদ নেই সৌদি আরবও। আলজাজিরার মস্কো প্রতিবেদক বলেন, ‘তিনি (দিমিত্রি মেদভেদেভ) মূলত দেশগুলোকে সিরিয়ায় সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোরই পরামর্শ দিয়েছেন। কারণ তারা সিরিয়ায় স্থল অভিযানের জন্য সেনা পাঠালে এর পরিণতি হিসেবে এমন এক ধরনের যুদ্ধের আশঙ্কা রয়েছে, যা হয়তো কোনোদিন শেষ হবে না, এমনকি বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে।’
সিরিয়া সংকট প্রসঙ্গে রাশিয়াকে সহযোগিতার বিষয়ে পশ্চিমা পরাশক্তিগুলোর প্রত্যাখ্যানেরও সমালোচনা করেছেন রুশ প্রধানমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিভাগ পর্যায়ে যোগাযোগ অত্যন্ত বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, ব্রাসেলসে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) প্রধান কার্যালয়ে এক সম্মেলনে বৃহস্পতিবার অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। সম্মেলনে সিরিয়া সংকট নিরসনে স্থল অভিযান শুরু করার বিষয়ে নতুন করে আলোচনা উস্কে দেয় সৌদি আরব।
আইএসবিরোধী জোটের সম্মতি থাকলে সিরিয়ায় সেনা পাঠানোর জন্য সৌদি আরব প্রস্তুত বলে সম্মেলনে জানিয়েছিলেন সৌদি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসেরি।
ওএফ





