প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চীনের উহানে দ্রুত নির্মিত লেইশেনশান হাসপাতালটি বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার।

হুবেই প্রদেশের উহানে করোনার প্রকোপ এখন নেই বললেই চলে। আক্রান্ত নেমে এসেছে শূন্যের কোটায়। সর্বশেষ চারজন রোগী ছিল হাসপাতালটিতে।

তাদেরকে উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের মাধ্যমে হাসপাতালটিতে আর কোনো রোগী নেই।

রোগী না থাকার কারণে আগামীকাল (১৫ এপ্রিল) বুধবার থেকে বন্ধ হচ্ছে চীনে জরুরি ভিত্তিতে নির্মিত এই হাসপাতাল।

হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, “হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।”

ওয়াং জিংহুয়ান জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিল। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস শনাক্তের পর ওই অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। উহানে করোনা মোকাবিলায় ও এর চিকিৎসায় গত ২৫ জানুয়ারি এই হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

মাত্র দুই সপ্তাহে হাসপাতালটি নির্মাণ করা হয়েছিল। ওই হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ৬০০টি।

এমবি