সুইডেনের একটি মসজিদে মুসুল্লিদের নামাজরত অবস্থায় আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সুইডেনের এসকিলসতুনা শহরে বৃহস্পতিবার খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে’র দিন এ ঘটনা ঘটল। খবর বিবিসির।

একটি আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত ওই মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মুসল্লিরা জোহরের নামাজ পড়ছিলেন।

স্থানীয় পুলিশের মুখপাত্র লারস ফ্রাঞ্জেল বলেন, ‘এক প্রত্যক্ষদর্শী ভবনটির জানালা দিয়ে অজ্ঞাত ব্যক্তিকে দাহ্য বস্তু ছুঁড়তে দেখেছে। ওই বস্তু থেকেই আগুন ছড়িয়ে পড়ে।’

ওই ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করতে আসার পরও জানালা দিয়ে আগুন ও ধোঁয়া উড়তে দেখা গেছে।

এ ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। এখন পর্যন্ত অগ্নিসংযোগকারীকে ধরা সম্ভব হয়নি বলেও জানিয়েছে তারা।

সুইডেনে অভিবাসী আইন নিয়ে বিতর্ক চলছে। ঘটনাটির ক্ষেত্রে এর প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমএ