ইউক্রেনে বিধ্বস্ত মালয়েশীয় এমএইচ-১৭ জেট বিমানটির ১৯৬টি মৃতদেহ পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে ইউক্রেনের জরুরি সহায়তা বিভাগ।
পূর্ব ইউক্রেনে ঘটনাস্থলের পার্শ্ববর্তী তোরেজ শহরে মৃতদেহগুলো পাওয়া যায়। বেশিরভাগ মৃতদেহগুলো বিদ্রোহীদের দখলে থাকা শহরটির ফ্রিজিং সিস্টেম সম্পন্ন রেল ওয়াগনে পাওয়া গেছে।
মৃতদেহগুলো কারা ওই স্থানে নিয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় বিদ্রোহীদের দায়ী করেছে ইউক্রেন সরকার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে বিধ্বস্ত বোয়িং ৭৭৭ বিমানটি ধ্বংসে একে অপরকে দায়ী করে আসছে ইউক্রেন সরকার ও রাশিয়াপন্থি বিদ্রোহীরা।
যে দেশের যাত্রীরা ছিল বিমানটিতে
মালয়েশীয় এয়ারলাইন্স নিহত যাত্রীদের তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে বিমানটিতে ১৯৩ জন ডাচ নাগরিক ছিলেন। বাকিদের মধ্যে ৪৩ জন মালয়শীয়(১৫ ক্রুসহ), ২৭ জন অস্ট্রেলিয়ান, ১২ জন ইন্দোনেশিয়ান, ১০ জন বৃটিশ, ৪ জন জার্মান, ৪ জন বেলজিয়াম, ৩ জন ফিলিপিনি, ১ জন কানাডিয়ান এবং ১ জন নিউজিল্যান্ডের নাগরিক।





