আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি আগামী বছর সিদ্ধান্ত নেবেন। মেক্সিকো সিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। হিলারি ক্লিন্টন আরও বলেন, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তার অতীত অবস্থান ও অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে।
সাবেক মার্কিন ফার্স্ট লেডি এর আগে বলেছিলেন, ২০১৪ শেষ হওয়ার আগে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। কিন্তু দলের মনোনয়ন হাসিলের দৌঁড়ে বারাক ওবামার কাছে তিনি হেরে যান।
মার্কিন লেখক স্টিফেন লেন্ডম্যান প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, হিলারি ক্লিন্টন হচ্ছেন সাম্রাজ্যবাদী ও বলদর্পি শক্তির প্রতিনিধি। হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হলে শান্তির সম্ভাবনা আরও কমে যাবে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই





