ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে।

আহতের সংখ্যা এখনো নির্ধারণ করা না গেলেও সেটা দুই শতাধিক ছাড়িয়ে যাবে ধারণা করা হচ্ছে। দ্বীপটিতে সাড়ে তিন লাখের বেশি মানুষের বসবাস।

আজ শনিবার দেশটির দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগোরো রয়টার্সকে বলেন, ‘আমরা হালনাগাদ তথ্য পাচ্ছি না কারণ যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। সুনামির কারণে উপকূলীয় এলাকায় বহু মানুষের মৃতদেহ পাওয়া যেতে পারে। তবে এ পর্যন্ত ৩৮৪ জনের নিহতের খবর পাওয়া গেছে।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষজন ছোটাছুটি করছে এবং শহরের সবচাইতে বড় একটি মসজিদের ভবন ধসে গেছে।

গতকাল রাতে ধারণ করা অপর একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় চিকিৎসক ডা. কোমাং আদি সুজেন্দ্র বলছিলেন, ৩০ জন মারা গেছে এবং ১২ জন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদের অর্থোপেডিক সার্জারি প্রয়োজন।

গত মাসেও বেশ কয়েকবার ভূমিকম্পের কবলে পড়ে ইন্দোনেশিয়া। আগস্টের ৫ তারিখে আঘাত হানা ভূমিকম্পে দেশটিতে ৪৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

জেড