ভারত শাসিত কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর দুই সদস্য নিহত ও ৪ জন আহত হয়েছে। শনিবার বিএসএফ-এর একটি টহল গাড়িতে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি'র।
জম্মু ও কাশ্মীরের অবন্তিপুর বিমান ঘাঁটির বাইরে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন এ হামলার সঙ্গে জড়িত রয়েছে।
রাজধানী শ্রীনগর থেকে ৩৩ কিলোমিটার দূরবর্তী বিমান ঘাঁটির কাছে বিএসএফ সদস্যরা গাড়িতে করে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। বিএসএফ-এর একদল সদস্য দায়িত্ব পালন শেষে আরেক দলের পালাবদলের সময় এ ঘটনা ঘটে। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
বিএসএফ সদস্যরা সেখানে বিমান ঘাঁটিটির নিরাপত্তায় দায়িত্ব পালন করে থাকে। হামলা পরপরই অন্য বিএসএফ সদস্যরা পাল্টা হামলার জন্য প্রস্তুত হয়; কিন্তু ততক্ষণে আক্রমণকারীরা পালিয়ে যায়।
হামলার পরপরই ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া আশপাশের এলাকায় অনুসন্ধান করা হচ্ছে। আহত বিএসএফ সদস্যদের স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





