'বিশ্ববিবেক'কে হতবাক করে দিয়ে গাজাকে ধ্বংস করে দিচ্ছে ইসরাইল। টানা ১৯ দিনের বর্বর ইসরাইলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের উন্মুক্ত কারাগার গাজা। শনিবার ১২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির সময় বিধ্বস্ত বাড়িঘর থেকে আরও ৮৫টি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৯৮৫-তে। খবর আল জাজিরার।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি পত্রিকা হারেজের অনলাইন সংস্করণ।
শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১১টা) থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য হামাস-ইসরাইল যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের অনুসন্ধান ও গাজার অধিবাসীরা যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারেন এজন্য 'মানবিক' কারণে এই যুদ্ধবিরতি চলছে।
গত ৮ জুলাই শুরু ইসরাইলের নৃশংস হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ৫,৮৭০ জন ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের রকেট হামলায় ৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে। তবে, হামাস দাবি করেছে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৮৪। এ ছাড়া দুজন বেসামরিক ইসরাইলিও রয়েছে নিহতদের মধ্যে।
এদিকে, দীর্ঘমেয়াদে শান্তি আলোচনার জন্য প্যারিসে কূটনৈতিক পর্যায়ে আন্তর্জাতিক সংলাপ শুরু হচ্ছে। কেরির নেতৃত্বে সেখানে তুরস্ক, কাতার ও ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেয়ার কথা রয়েছে।
কেরি গত এক সপ্তাহ ধরে গাজায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন। শুক্রবার তিনি মিশর যান। এর আগে কেরির আনা সাত দিনের যুদ্ধবিরতির এক প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করে।
এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর মধ্যে ১২ ঘন্টার যুদ্ধবিরতি বলবৎ হবার পর সেখানকার লোকজন জরুরি কেনাকাটার জন্য রাস্তায় নেমেছেন।
কিছু দোকানপাট ও ব্যাংক খুলেছে। ইসরায়েলি গোলাবর্ষণে গুরুতর ক্ষতিগ্রস্ত জায়গাগুলোয় জরুরি সেবা পাঠানো হয়েছে।
গাজাতে অবস্থানরত বিবিসির সাংবাদিক ইয়ান প্যানেল জানিয়েছেন, গাজায় ধ্বংসলীলার যে মাত্রা দেখা যাচ্ছে - তা বিস্ময়কর। গাজার শেজাইয়া এলাকায় সব ভবন ধ্বংস হয়ে গেছে। ১৬০ ফুট পর্যন্ত উঁচু ধ্বংসস্তুপের ওপর গাড়ি উল্টে পড়ে আছে এমন দৃশ্যও দেখা গেছে।
এদিকে, ইসরাইল জানিয়েছে, সাময়িক এই যুদ্ধবিরতিটি একটি 'মানবিক সুযোগ', তবে এর মধ্যেও তারা ফিলিস্তিনিদের ব্যবহৃত সুড়ঙ্গগুলো ধ্বংসে অভিযান চালিয়ে যাবে।
ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইতোপূর্বে গাজা থেকে যাদের সরে যেতে বলা হয়েছে তাদের ফিরে আসা উচিত হবে না। আঘাত করা হলেই পাল্টা আঘাত করা হবে!
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেছেন, আর সময় নেই। ৪৭ বছর ধরে চলা এই যুদ্ধ এবার চিরতরে বন্ধ করার সময় এসেছে। সূত্র: আল জাজিরা ও বিবিসি
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





