ফিলিস্তিনের গাজায় হামলা করে মানুষ হত্যা করায় ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে স্পেন সরকার। স্পেনের দৈনিক এল পেইস এ খবর দিয়েছে।
স্পেন হলো দ্বিতীয় কোনো দেশ যারা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করল। কয়েকদিন আগে ব্রিটেন সর্বপ্রথম একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ইসরাইলের কাছে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, গ্রেনেডের বারুদ, মর্টারের যন্ত্রাংশ, ইলেক্ট্রো-অপটিক্যাল ইকুইপমেন্ট এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা রপ্তানি করে থাকে স্পেন।
দৈনিক এল পেইস-এর খবরে বলা হয়, নিষেধাজ্ঞার কারণে ইসরাইলের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করা যাবে না। স্পেনের অস্ত্র উৎপাদন বিষয়ক একটি কমিটি গত বৃহস্পতিবার ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এ কমিটিতে রয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি এবং অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।
তবে, এই অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা সবসময়ের জন্য নয়; বরং আগামী সেপ্টেম্বর মাসে কমিটি তার পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করবে।
উল্লেখ্য, প্রায় এক মাসের ইসরাইলি হামলায় ১,৯০০'র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩০ জন শিশু রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ৩'শ ফিলিস্তিনি। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া, ইসরাইলের হামলায় ধ্বংস হয়েছে ৩,০০০'র বেশি বাড়ি-ঘর। গৃহহারা হয়েছেন কয়েক লাখ মানুষ।
অপরদিকে, ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আগ্রাসন বিরোধী যুদ্ধে ইসরাইলের ৬৪ সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে স্বীকার করেছে তেলআবিব। তবে হামাসের সামরিক শাখা ইজ্জদিন আল কাসসাম ব্রিগেডের দাবি তাদের প্রতিরোধে কমপক্ষে ১৫০ ইহুদীবাদী সেনা খতম হয়েছে। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন থাই নাগরিকও রয়েছে বলে জানা গেছে।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই, কেবি





