ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের ফজলি আম ও ফুল উপহার দিয়েছেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ তথ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, আমের রাজা খ্যাত রাজশাহীর ফজলি ও ফুল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হয়েছে।
‘বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুইজন কর্মকর্তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাইনিং স্ট্রিটে এই আম ও ফল পৌঁছে দেন। এরপর ১০ নং ডাইনিং স্ট্রিটের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে এগুলো গ্রহণ করেন এবং জানান, এই আম ও ফুল বরিস জনসনকে পৌঁছে দেবেন।’
অপরদিকে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লসকেও একই উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।
এর আগে বৃহস্পতিবার এক বার্তায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় বরিস জনসনকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে গত ১৯ জুলাই লন্ডন পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোথে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এসএম





