ইরানের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব করেছে রাশিয়া। 'আনতেই-২৫০০' নামের এই ক্ষেপণাস্ত্র আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতি সেকেন্ডে এর গতিবেগ সাড়ে চার কিলোমিটার। রাশিয়া সোমবার ইরানকে এই প্রস্তাব দিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

২০১০ সালে ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র বিক্রির একটি চুক্তি হয়েছিল রাশিয়া ও ইরানের। কিন্তু পশ্চিমা বিশ্বের চাপে রাশিয়া তখন ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি। ইরান এতে ক্ষিপ্ত হয়ে জেনেভায় আন্তর্জাতিক সালিশি আদালতে রাশিয়ার বিরুদ্ধে ৪ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করে। অবশ্য এতে দুই দেশের সম্পর্কে তেমন কোন প্রভাব পড়েনি।

ইরানকে দেয়া তখনকার সেই প্রতিস্তুতি বাস্তবায়ন করতেই ইরানকে এবার 'আনতেই' ক্ষেপণাস্ত্র দেয়ার প্রস্তাব করেছে রাশিয়া। তখনকার এস-৩০০ ক্ষেপণাস্ত্রের তুলনায় এর পাল্লা এবং ক্ষমতা অনেক বেশি। এস-৩০০ ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল ১২৫ মাইল।

প্রস্তাবের ব্যাপারে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য না পাওয়া গেলেও রাশিয়া দাবি করেছে, ইরান প্রস্তাবটি বিবেচনা করছে। তবে, আবারও এ প্রস্তাবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে মার্কিন-ইহুদি লবি।

এমএ