শ্রীলঙ্কায় রাজধানী কলম্বোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পর অভিযান চালিয়ে অন্তত ১৩ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রোববার কলম্বোতে ওই অভিযান চালাতে গিয়ে প্রাণ গেছে তিন পুলিশ কর্মকর্তার।
স্থানীয় প্রশাসন থেকে এ বিষয়ে কোনো তথ্য না মিললেও পুলিশ বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে সংবাদ সংস্থা এএফপি।

পুলিশ জানায়, রাজধানী কলম্বোতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি বাড়িতে থেকে গ্রেফতার করা হয় ৭ জনকে। বাকিদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। অভিযান চালানোর বিস্ফোরণে ৩ পুলিশ নিহত হয়েছে।
এদিকে, গীর্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। রোববার সকালের দিকের এই সিরিজ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৪৫০ জন।
হামলার কয়েক ঘণ্টা পর দেশটির সরকার এক বিবৃতিতে নিহতের সংখ্যা ১৯০ জন বলে জানায়। কিন্তু সরকারের এই ঘোষণার কিছুক্ষণ পর দেশটির পুলিশ বলছে, রাজধানী কলম্বোজুড়ে সিরিজ বোমা হামলায় ২০৭ জন নিহত ও আরো ৪৫০ জন আহত হয়েছেন।
ইস্টার সানডের সকালে কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিনসবুরি হোটেল ও কলম্বোর সেন্ট অ্যান্থনি গীর্জা, নেগোমবোর সেন্ট সেবাস্তিয়ান গীর্জা ও বাত্তিকালোয়ার জিওন গীর্জায় ওই হামলা হয়।
দেশটির পুলিশের প্রধান বলেছেন, তিনি এই হামলার ব্যাপারে ১০দিন আগেই সরকারকে সতর্ক করে দিয়েছিলেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে আত্মঘাতী বোমারুরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জেড





